স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কারাবন্দি নেতা এ টি এম আজহারুল ইসলামকে জামিন দেওয়া নিয়ে বারবার কালক্ষেপণ করায় গতকাল ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। দলীয় সহকর্মী ও দেশবাসীর উদ্দেশে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম সাহেব এখনো কারাবন্দি রয়েছেন। একে একে সব জাতীয় নেতা মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি।’ স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এ জুলুমের প্রতিবাদে এবং এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি আদালতে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময়মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights