স্মৃতি মান্ধানার বিয়ে বাতিল
স্পোর্টস ডেস্ক
ভারতীয় নারী দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা ঘোষণা করেছেন, তার দীর্ঘদিনের প্রেমিক পলাশ মুচালের সঙ্গে বিয়ে বাতিল করা হয়েছে।
গত ২৩ নভেম্বরের জন্য বিয়ের দিন ঠিক হয়েছিল, তবে মান্ধানার বাবা হাসপাতালে ভর্তি হওয়ায় প্রাথমিকভাবে অনুষ্ঠান স্থগিত করা হয়। আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে বিষয়টি জানানো না হওয়ায় সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়ায়। পলাশের অন্য নারীর সঙ্গে সম্পর্ক থাকার গুজবও ছড়ানো হয়েছিল।
রবিবার ইনস্টাগ্রামে বার্তা দিয়ে মান্ধানা লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তাই মনে করি এখন সবাইকে বিষয়টি জানানো উচিত।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমি খুব অন্তর্মুখী মানুষ, তবে পরিষ্কার করতে চাই যে আমাদের বিয়ে বাতিল হয়েছে। বিষয়টি আমি এখানেই বন্ধ করতে চাই এবং সবার প্রতি অনুরোধ, আমাদের দুই পরিবারের ব্যক্তিগত ব্যাপারে সম্মান প্রদর্শন করুন।’
