সৎ ছেলেকে হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সৎ ছেলেকে হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ আদেশ দেন। রায় ঘোষণার পর সুমাইয়া কান্নায় ভেঙে পড়েন।

মামলার তথ্য বিবরণীতে জানা যায়, সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামে পারিবারিক কলহের জের ধরে ২০১৭ সালের ১১ জুন সৎ মা সুমাইয়া আক্তার সৎ ছেলে ইয়াসিনকে গলা টিপে হত্যা করে। পরে এ ঘটনায় ১৭ জুন নিহত ইয়াসিনের পিতা আরিফ হোসেন সৎ মা সুমাইয়া আক্তারকে আসামি করে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার মোহাম্মদ হাসান জানান, দীর্ঘ প্রায় ৬ বছর বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার দুপুরে আদালত ওই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম পল্টু। এদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান সুমাইয়ার মামা আব্দুল মতিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights