হংকংকে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

এশিয়ান গেমস হকি বাছাইয়ে নাটকীয় এক জয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে সমতায় শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে হংকং চায়নাকে হারিয়ে কাঙ্ক্ষিত টিকিট নিশ্চিত করে দলটি।

ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে বৃহস্পতিবার স্থান নির্ধারণী পর্বের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে ৪-৪ গোলে ড্র করে বাংলাদেশ। পরে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যাওয়ার পরপরই পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। তবে দ্রুতই এক গোল শোধ করে ম্যাচে ফেরে হংকং।

দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরায় হংকং। তবে কিছুক্ষণ পর একইভাবে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে আবার এগিয়ে নেন আশরাফুল ইসলাম।

চতুর্থ কোয়ার্টারে জমে ওঠে লড়াই। এক পর্যায়ে দুই গোল করে এগিয়ে যায় হংকং, কিন্তু শেষ দিকে আবার সমতায় ফেরে ম্যাচ। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ওয়ায়দুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বি সফল শটে গোল করে বাংলাদেশকে জয় এনে দেন।

এই জয়ের ফলে বাছাইপর্বের সেরা ছয়ে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ, যা তাদের এশিয়ান গেমসে অংশগ্রহণের পথ খুলে দিয়েছে। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া আসরে খেলবে দলটি।

বাছাইয়ে বাংলাদেশের শুরুটা ছিল ইতিবাচক। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ ব্যবধানে হেরে যায় তারা। এরপর উজবেকিস্তানের সঙ্গে ১-১ ড্র করে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় দলকে।

গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশ এখন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আবারও মুখোমুখি হবে চাইনিজ তাইপের।

উল্লেখ্য, এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ এর আগে ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জনই তাদের সর্বোচ্চ সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights