হজের আগে আড়াই লাখ অননুমোদিত হজযাত্রীকে ফিরিয়ে দিল সৌদি

অনলাইন ডেস্ক
হজের মৌসুম শুরু হতেই কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। অনুমতি না নিয়ে হজ পালনের চেষ্টা করায় আড়াই লাখের বেশি অননুমোদিত হজযাত্রীকে মক্কায় প্রবেশের আগেই ফেরত পাঠানো হয়েছে। রবিবার (১ জুন) বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

সৌদি কর্মকর্তারা জানান, ২ লাখ ৬৯ হাজার ৬৭৮ জন মুসল্লিকে অনুমতি না থাকায় মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ছাড়া হজের নিয়ম ভঙ্গের অভিযোগে ২৩ হাজার সৌদি নাগরিককে জরিমানা এবং ৪০০টি হজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।

মক্কায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৌদি নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ওমারি বলেন, “হজযাত্রীরা আমাদের দৃষ্টির আড়ালে নয়। কেউ নিয়ম ভাঙলে ধরা পড়বেই।”

তিনি আরও বলেন, “বিনা অনুমতিতে হজ করার চেষ্টা করলে ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা এবং নির্বাসনসহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এই নিয়ম কেবল বিদেশিদের জন্য নয়, সৌদিতে বসবাসকারী বাসিন্দাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

সৌদি সরকার জানিয়েছে, গত বছরের প্রচণ্ড গরমে প্রায় ১ হাজার ৩০০ হজযাত্রীর মৃত্যু হয়েছিল। এতে অনুমতি ছাড়া আসা হজযাত্রীদের বিশৃঙ্খল অংশগ্রহণকেই আংশিকভাবে দায়ী করা হয়।

বর্তমানে মক্কায় আনুষ্ঠানিকভাবে প্রায় ১৪ লাখ মুসলিম অবস্থান করছেন, এবং হজ পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে আরও অনেকে আসার অপেক্ষায় আছেন।

সোর্স: ইউরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights