হজের টাকা জমার জন্য আগামী শনিবার ব্যাংক খোলা থাকবে

অনলাইন ডেস্ক

হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামী শনিবার (১১ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার কথা বলা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখতে হবে। একই সঙ্গে আগামী ১২ অক্টোবর (রবিবার) পর্যন্ত লেনদেন সময়ের পরেও যতক্ষণ হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী থাকবেন, ততক্ষণ পর্যন্ত অর্থ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী বছর হজ পালনের জন্য আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই শুরু হয়। প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights