হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়

মাগুরা প্রতিনিধি
অতি সম্প্রতি মাগুরা জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদানকারী মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে মাগুরা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মোতাকাব্বীর আহমেদ। যোগদানের পর থেকে তিনি মাগুরা সার্কিট হাউজে ছিলেন। গত মধ্যরাতে পেটে ব্যথা অনুভব করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজ সোমবার বিকেল ৪টার দিকে মাগুরা স্টেডিয়ামে আসা বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবীর জানান, তিনি (ডিসি) পেটে ব্যথা অনুভব করছিলেন। ব্যথা কিছুটা কমিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট মেহেদী হাসান জানান, সাধারণত পাকস্থলীর এই ধরনের সমস্যাকে পারফুরেশন বলা হয়ে থাকে। এটি এসিডিটির কারণে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights