হঠাৎ সরকারি দপ্তরে এমপি, অনপুস্থিত বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী

অনলাইন ডেস্ক
ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

সোমবার বেলা ১১টার দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ে গিয়ে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনুপস্থিত দেখতে পান এমপি। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, প্রাক্কলনিক কর্মকর্তা কেউই ছুটি ছাড়াই অফিসে আসেননি। এমনকি বেলা ১১টায় দপ্তরে জাতীয় পতাকাও উত্তোলন করতে দেখা যায়নি।’

সার্বিক অবস্থা তাৎক্ষণিক জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার বিভাগীয় প্রকৌশলী মো. শফিউল হক বলেন, ‘প্রাক্কলনিক কর্মকর্তা তারেক মোল্লা ছুটিতে রয়েছেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, এখানেও অতিরিক্ত দায়িত্বে আছি। আমি গাড়িতে কুমিল্লা অফিসে আসতেছি।’

তবে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিভাগীয় প্রকৌশলী।

এর আগে, সকালে কুমিল্লা জেলা সাব-রেজিস্টার কার্যালয় পরিদর্শন করেন সংসদ সদস্য মনিরুল হক। সেখানে নির্ধারিত সময়ে কর্মকর্তাদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights