হতাশা কেটেছে প্রকাশকদের

মোস্তফা মতিহার

রমজান বলে ভিড় কম থাকাটাই স্বাভাবিক। এমন দিনে বেশি ভিড় আশা করেননি প্রকাশকরাও। তবে প্রকাশকদের হতাশা কাটিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছে ক্রেতা ও দর্শনার্থীরা। বইপ্রেমীদের আগমনে প্রাণবন্ত ছিল অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান। রমজানের সিয়াম সাধনাও যে বইপ্রেমের পথে বাধা হতে পারে না সেটাই প্রমাণ করেছে গতকাল অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে মেলায় আগতরা। এমন দিনে বিক্রি ছিল আশাব্যঞ্জক। অন্যান্য বছর ছুটির দিনে মেলা জমলেও রমজানের কারণে এবারের ছুটির দিনেও মেলা জমবে না এমন আশঙ্কা ছিল বেশির ভাগ প্রকাশকদের। নানা নাটকীয়তার পরে স্টল ভাড়া মওকুফ করে দিয়ে সরকার প্রকাশকদের মেলামুখী করলেও আর্থিক ক্ষতির আশঙ্কায় হতাশ ছিলেন প্রকাশকরা। তবে, গতকাল মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতিতে মেলাজুড়ে একুশের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে।

জোনাকী প্রকাশনীর স্বত্বাধিকারী মঞ্জুর হোসেন বলেন, যতটা খারাপ হবে বলে আশা করেছি আসলে ততটা খারাপ হবে না। এত দর্শনার্থী আসবে ভাবিনি। আর বিক্রিও মোটামুটি ভালো হচ্ছে। রমজানে এর চেয়ে বেশি বিক্রি আমরা আশাও করি না। এটা আমাদের প্রকাশকদের জন্য ভালো দিক। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে এবার মেলা নিয়ে আমরা যতটা দুশ্চিন্তায় আছি ততটা দুশ্চিন্তায় থাকতে হবে না বলেই আমি মনে করি। এদিকে, গতকাল ছিল মেলার প্রথম ছুটির দিন। ছুটির দিনের মেলার দ্বার উন্মোচন করা হয় বেলা ১১টায় এবং দ্বার বন্ধ হয় যথারীতি রাত ৯টায়। মেলার দ্বিতীয় দিন ছিল প্রথম শুক্রবার ও প্রথম শিশুপ্রহর। প্রবেশদ্বার উন্মোচনের পর থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা ছিল শিশুপ্রহর। এ প্রহরে ছোট্ট সোনামণিরা দুরন্তপনায় মেতে ওঠে।

মেলার শিশুপ্রহরে দেখা হয় খুদে পাঠক সময় ইসলামের সঙ্গে। বাবা নাট্য ও চলচ্চিত্র পরিচালক শামীমুল ইসলাম শামীমের সঙ্গে হাত ধরে মেলায় আসেন এই খুদে পাঠক। এই খুদে পাঠক বলেন, মেলায় এসে খুবই ভালো লাগছে। কী বই কিনলে জানতে চাইলে সময় ইসলাম বলেন, ড্রয়িং ও কার্টুনের বই কিনলাম। সন্তানের কথা শেষ না হতেই বাবা শামীমুল ইসলাম শামীম বলেন, আমি কিন্তু হুমায়ুন আহমেদের বই পড়তে ভালোবাসি। স্যার না থাকলেও স্যারের পুরোনো বইগুলোই কিনে থাকি। আজকেও স্যারের বেশ কিছু বই কিনব।

নতুন বই : গতকাল মেলার দ্বিতীয় দিনে নতুন বই এসেছে ১৬টি। এর মধ্যে, শিশুতোষ ৩টি, জীবনী ৪টি, গবেষণাধর্মী ১টি, কবিতার বই ২টি, ভাষাবিজ্ঞানের বই ১টি, মুক্ত গদ্য ১টি, আধ্যাত্মিক বই ১টি, বাণীর বই ১টি, উপন্যাস ১টি ও সমাজবিজ্ঞানের বই ১টি।

শিশু কিশোর চিত্রাঙ্কন : অমর একুশে উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সকাল সাড়ে ১০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় শিশুকিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক পর্ব।

মূল মঞ্চ : বিকাল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় “স্মরণ : ফরিদা পারভীন” শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ রোমেল। আলোচনায় অংশ নেন ড. আবু ইসহাক হোসেন। সভাপতিত্ব করেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার। আলোচনার পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights