হত্যাচেষ্টা মামলায় নরসিংদীর সাবেক এমপি সিরাজুল রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আহাম্মদ আলী নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় নরসিংদী-৩ আসনের সদ্য সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হয়। পরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামাম শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সঙ্গে তার জামিন নামঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহাম্মদ আলী নামে একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, সাবেক এমপি সিরাজুল ইসলামকে ফতুল্লা থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন।

তিনি বলেন, সিরাজুল ইসলাম এ মামলার দুই নম্বর আসামি। আশা করি তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহাম্মদ আলী আহত হন। এ ঘটনায় আহত আহাম্মদ আলী গত ৫ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।

এর আগে, ১১ নভেম্বর সন্ধ্যায় ঢাকার আসাদ গেট এলাকা থেকে সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। তবে, তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights