হত্যার ঘটনায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে মো. সাকিব নামের এক তরুণকে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৬ অক্টোবর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাদশা (৩৬), মো. তৈয়ব (৪০), মো. নাঈম (২৭) ও মো. ইমু (২৮)। গ্রেপ্তারকৃতরা সবাই বাকলিয়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ-উল-আলম জানান, কালামিয়া বাজার এলাকার ফিরোজা বেগমের পুত্র সাকিবের সাথে প্রতিবেশী করিমের দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। গত ৫ আগস্ট রাতে বাসা থেকে ডেকে ওই এলাকার আমিনের দোকানে নিয়ে গিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২০ জনের একটি দল সাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর ৬ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের মৃত্যু হয়।

পরে সাকিবের মা বাদী হয়ে বাকলিয়া থানায় ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর বাকলিয়া থানার এক্সেস রোড এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. করিমকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights