হত্যা মামলায় আইভীর ভগ্নিপতি রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার ঘটনায় দায়ের মামলায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভগ্নিপতি। একই সাথে তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

মঙ্গলবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বদিউজ্জামান নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আবদুল কাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি এই মামলার সন্দেহভাজন আসামি।

বদিউজ্জামানের স্ত্রী আদুরী খাতুন বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও অনেকের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন।

এর আগে গত ১০ নভেম্বর সকালে শহরের পাইকারি ব্যবসা কেন্দ্র নিতাইগঞ্জের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবদুল কাদিরকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights