হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি:
এক হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাকচালক ইদ্রিস মৃধাকে (৩৫) গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে হেলপার দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা এপিপি অ্যাডভোকেট রেবেকা সুলতানা।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর নগরকান্দা গ্রামের ইউনুস খলিফার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ওরফে বাদশা(২৮)। ট্রাকচালক ইদ্রিস মৃধা বরিশাল বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৮ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পাগলা ট্রাক স্ট্যান্ডে ড্রাইভার ও হেলপার এক হাজার টাকার বিরোধ নিয়ে তর্কবির্তক করে। গাড়ির মালিক মোঃ ইসমাইল বিষয়টি মীমাংসা করে দেন। তারা রাত ১০টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথদিঘি সংলগ্ন হোটেলে রাতের খাবার খান। গাড়িতে বিশ্রামের সময় ট্রাকচালককে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে আসামি দেলোয়ার হোসেন। এ ব্যাপারে ঘটনার পরদিন নিহতের চাচাতো ভাই মোঃ হাবিবুর রহমান হেলপার দেলোয়ার হোসেনসহ ৩ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই এস.এম. মাহাবুবুল ইসলাম আসামি মোঃ দেলোয়ার হোসেন ওরফে বাদশার বিরুদ্ধে ২০১৭ সালের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনায় দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা, অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. বদিউল আলম সুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights