হত্যা মামলায় তুরিন আফরোজকে গ্রেফতার দেখানোর আদেশ

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে আরেক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জামিয়া রওযাতুল উলুম মাদ্রাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত আরাফাত হুসাইনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আরাফাত হুসাইন (১২) রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৫ নং সেক্টরের ৪ নং রোডের জামিয়া রওযাতুল উলুম মাদ্রাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। গত বছরের ৫ আগস্ট সকাল ৮টা থেকে আরাফাত হুসাইন (১২) ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের এক দফা দাবিতে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নং সেক্টর এলাকায় বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন ভুক্তভোগী হুসাইন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড়ভাই মো. হাসান আলী (২১)।

গত ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন একটি হত্যাচেষ্টা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights