হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় সাকিব নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. করিমকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাকলিয়া এক্সেস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতার করিম নগরীর কালামিয়া বাজার এলাকার মৃত আবদুস শুক্কুরের ছেলে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. শরীফ-উল-আলম বলেন, কিশোর সাকিব হত্যা মামলার প্রধান আসামি করিম। গোপন সংবাদের ভিত্তিতে তাকে এক্সেস রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, নিহত মো. সাকিব কালামিয়া বাজার এলাকার ফিরোজা বেগমের ছেলে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. করিমের আগে থেকেই বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৫ আগস্ট সাকিবকে কৌশলে বাসা থেকে ডেকে পার্শ্ববর্তী আমিনের দোকানের সামনে নিয়ে যান করিম। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া করিমের সহযোগীরা সাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ আগস্ট হাসপাতালেই সাকিবের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights