হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে চাঞ্চল্যকর গৃহবধূ আয়েশা আক্তার হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।

নিহত গৃহবধূ আয়েশা আক্তার উপজেলার সাদেকপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। রায় ঘোষণার সময় নিহত আয়েশা আক্তারের স্বামী দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়াসহ চারজন আদালতে উপস্থিত ছিলেন। এছাড়াও পলাতক রয়েছেন কাউছার মিয়া নামে অপর আরেক আসামি।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিহত আয়েশা আক্তারের স্বামী রাসেল মিয়া (২৫), রাসেল মিয়ার মা তাহেরা খাতুন (৬০), তার দুই বোন হুসনা আক্তার (২৮), রুজি বেগম (৩৫) ও ভাই কাউছার মিয়া (৩৭)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর ১ লাখ টাকা যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূ আয়েশা আক্তারকে বেধড়ক মারপিট করে তার স্বামী রাসেল মিয়াসহ পরিবারের সদস্যরা। এক পর্যায়ে তিনি মারা যান। পরদিন ১৬ সেপ্টেম্বর রাসেল মিয়াকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুস সাত্তার। মামলায় ১৮ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights