হবিগঞ্জে গরু চুরির জন্যই রাখাল বাবুলকে হত্যা, গ্রেফতার ৬

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে গরু চুরি করার জন্যই রাখাল বাবুল মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। শুক্রবার বিকেল ৪টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পুলিশ সুপার জানান, রাখাল বাবুল মিয়া হত্যার ঘটনায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিহত রাখাল বাবুল মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়ের আলী সরদারের পুত্র।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি জানান, গত ১৫ জুলাই সকালে বাবুল মিয়া তাদের গৃহপালিত ৭টি গরুকে রঘুনন্দন পাহাড়ে খাস খাওয়ানোর নিয়ে যায়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় গরু বাড়ি ফিরলেও বাবুল মিয়া বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খুজাখুজি করে আর তার সন্ধ্যান পায়নি। এক পর্যায়ে ১৮ জুলাই জগদীশপুর বিটের রঘুনন্দন পাহাড়ে বদনারমোড়া নামক স্থানে জঙ্গলের মধ্যে বাবুল মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, লাশ উদ্ধারের পর থেকেই বিষয়টির ক্লু উদঘাটনে মাঠে নামে পুলিশ। এক পর্যায়ে চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা লাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে সে নিজে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে হত্যায় জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে হত্যায় জড়িত বশির মিয়া, আব্দুল কাইয়ুম, আব্দুল জাব্বার, জিলু মিয়া ও সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়। তারা সকলেই চুনারুঘাট উপজেলার বাসিন্দা। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত ৫ আসামিকে আদালতে প্রেরণ করা হয়।
প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামছুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, শায়েস্তাগঞ্জ থানার (ওসি) শেখ নাজমুল হক কামালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights