হবিগঞ্জে মধ্যরাতে ডাকাতি মামলার আসামির বসতঘর পুড়িয়ে দিলো গ্রামবাসী

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মধ্যরাতে একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৩১ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে পুরানগাঁও গ্রামের পঞ্চায়েত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার কর্মকাণ্ডের কারণে গ্রামের সুনাম ক্ষুণ্ন হচ্ছে—এমন আলোচনা হয়। একপর্যায়ে সভায় তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়।

অভিযোগ রয়েছে, সভা শেষে একদল গ্রামবাসী সংঘবদ্ধভাবে ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তেই ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights