হবিগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাত ১টার দিকে সুরমা চা বাগান এলাকায় চুনারুঘাট থেকে মাধবপুরগামী দুটি ট্রাক থামিয়ে চালকদের কাছ থেকে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। এরপর আরও কয়েকটি যান আটকে গেলে যাত্রীদের একজন পুলিশে খবর দেন।

খবর পেয়ে চুনারুঘাট থানা, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই ডাকাতরা পালিয়ে যায়।

চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, ‘ডাকাতরা সড়কে গাছ ফেলে ছিনতাইয়ের চেষ্টা করেছিল। পুলিশ গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।’

তিনি জানান, ঘটনাস্থল মাধবপুর থানার আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা সেখানে নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights