হরমুজে অচলাবস্থা: পানামা খালে জাহাজের ভিড়, রেকর্ড টোল আদায়

অনলাইন ডেস্ক
ইরানের সাথে সংশ্লিষ্ট সংঘাত ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পড়ায় পানামা খালে জাহাজের আনাগোনা ও চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এক দাপ্তরিক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ পাঁচ দিনের দীর্ঘ সারি এড়াতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) একটি জাহাজ চার মিলিয়ন মার্কিন ডলার খরচ করে আগেভাগে যাওয়ার সুযোগ কিনে নিয়েছে।

পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর নির্ভরশীলতা কমিয়ে অনেক এশীয় ক্রেতা এখন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি সংগ্রহ করছেন। আর এই বিশাল দূরত্ব অতিক্রম করতে তারা সুয়েজ খাল বা মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ পথের বদলে পানামা খালকে বেছে নিচ্ছেন। গত কয়েক মাসে এই খাল দিয়ে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০টির বেশি জাহাজ যাতায়াত করছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি।

সাধারণত জাহাজগুলো আগে থেকেই যাতায়াতের স্লট বুক করে রাখে, তবে বর্তমান সংকটে শেষ মুহূর্তের নিলামে বুকিংয়ের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। আগে যেখানে নিলামের গড় দর ছিল ১ লক্ষ ৩০ হাজার ডলারের কাছাকাছি, মার্চ ও এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লক্ষ ৮৫ হাজার ডলারে। এমনকি বেশ কিছু ট্যাঙ্কারের ক্ষেত্রে এই দর ৩০ লক্ষ ডলার ছাড়িয়ে যাওয়ার নজির তৈরি হয়েছে। বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৫ শতাংশ নিয়ন্ত্রক এই পানামা খালটি এখন যুক্তরাষ্ট্র ও এশিয়ার বাজার সংযোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। এএফপি-র তথ্যানুযায়ী, পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে এই খালের গুরুত্ব সামনের দিনগুলোতে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights