হরমুজ দিয়ে নিজ নাবিকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি ভারতের
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় নাবিকদের বহনকারী জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির কোনও নাবিককে হরমুজ প্রণালী অতিক্রম করবে- এমন কোনও বাণিজ্যিক জাহাজে নিয়োগ না দিতে জাহাজের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার গভীর রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং (ডিজিএস) জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী অতিক্রম করবে- এমন কোনও জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ দেওয়া যাবে না।”
ড্রোন হামলার পর বাড়তি সতর্কতা
সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি হরমুজ প্রণালী এবং এর আশপাশে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত দু’জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ভারত সরকার নাবিকদের জীবন রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।
এখনও ঝুঁকিপূর্ণ এলাকায় হাজারো ভারতীয় নাবিক
ভারতের নাবিক সংগঠন ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া জানিয়েছে, বর্তমানে হরমুজ প্রণালীর পশ্চিমাঞ্চলে প্রায় ১৫ হাজার ভারতীয় নাবিক বিভিন্ন জাহাজে অবস্থান করছেন। চলমান উত্তেজনার কারণে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সংগঠনটি পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার পাশাপাশি প্রয়োজনে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।
ভারত বিশ্বের অন্যতম বৃহৎ নাবিক সরবরাহকারী দেশ। সরকারি তথ্যানুযায়ী, বর্তমানে ৩ লাখের বেশি ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে কর্মরত রয়েছেন। সংখ্যার দিক থেকে ভারত বৈশ্বিকভাবে তৃতীয় বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজে নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত আন্তর্জাতিক শিপিং শিল্পে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। কারণ বিশ্ববাণিজ্যের একটি বড় অংশ এবং মধ্যপ্রাচ্য থেকে রফতানি হওয়া তেল ও গ্যাসের উল্লেখযোগ্য অংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। সূত্র: সিএনএন
