হরমুজ নিয়ে ফের হুঁশিয়ারি ইরানের, বিস্ময়কর প্রতিশোধের হুমকি

অনলাইন ডেস্ক

ইরান আবারও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতারা বলেছেন, ভবিষ্যতে ইরানের ওপর কোনও হামলা হলে তার জবাব হবে ‘কঠোর ও বিস্ময়কর’।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকরকারী দেশগুলোকেও হরমুজ প্রণালী ব্যবহার নিয়েও সতর্ক করেছে তেহরান।

রবিবার ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ইরানকে আবার লক্ষ্যবস্তু করা হলে শত্রুরা নতুন অস্ত্র, নতুন যুদ্ধকৌশল এবং নতুন যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হবে।

তিনি আরও বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করছে, তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচলে জটিলতার মুখে পড়তে হতে পারে।

এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র বলেছেন, “ইরানের ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জাহাজ বা স্বার্থে কোনও হামলা হলে তার জবাব হবে ‘ভারী ও চূড়ান্ত’।

তবে পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ চললেও উভয় পক্ষই এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি তথ্য দিচ্ছে না। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে গোপন আলোচনার চেষ্টা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে ইরানের সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে অনেক মানুষ জাতীয়তাবাদী আবেগ নিয়ে সরকার ও রাষ্ট্রীয় অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছেন। তবে একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক চাপ এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জনমনে হতাশাও বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হলে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস সরবরাহ এই গুরুত্বপূর্ণ নৌপথের ওপর নির্ভরশীল। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights