হরমুজ প্রণালিতে চীনের জাহাজ চলাচলে আংশিক ছাড় দিল ইরান
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে কিছু চীনা জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনে চললে চীনা জাহাজগুলোকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।
ইরানের একটি সূত্র জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ও তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতের অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের কৌশলগত সম্পর্কের অংশ হিসেবেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে। তবে বাস্তবে এতে পরিস্থিতি কতটা বদলাবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ যুদ্ধের সময় ইরান আগেই জানিয়েছিল, সমন্বয় করে চললে নিরপেক্ষ—বিশেষ করে চীনা—জাহাজগুলো চলাচল করতে পারবে।
এদিকে চীন সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একমত হয়েছেন যে, হরমুজ প্রণালি জ্বালানি পরিবহনের জন্য খোলা রাখা জরুরি। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন হয়, তাই এর গুরুত্ব অনেক বেশি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর হরমুজ প্রণালিতে চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইরান। পরে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি হলেও যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধ পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত করে।
এ পরিস্থিতিতে বুধবার প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল বহনকারী একটি চীনা সুপার ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজটি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে দুই মাসের বেশি সময় উপসাগরে আটকে ছিল। নতুন এই পদক্ষেপে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার কিছু আশা দেখছেন বিশ্লেষকেরা।
