হরমুজ প্রণালি ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’

অনলাইন ডেস্ক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’ বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হলেও এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তেহরানের পূর্ণ সার্বভৌমত্ব বহাল থাকবে। খবর আল-জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের সেবামূল্যে কেবল ৬০ দিনের জন্য সাময়িক ছাড় দেওয়া হয়েছে। তবে এর বাইরে এই জলপথের ওপর ইরানের কর্তৃত্বে কোনো পরিবর্তন আসবে না।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে তিনি বলেন, ‘এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। হরমুজ প্রণালিকে ইরান সামরিকীকরণ করেছে—এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে কোনো বিতর্ক বা কূটতর্ক তৈরির সুযোগ আমরা দেব না।’

পার্লামেন্ট স্পিকার আরও বলেন, যেকোনো পরিস্থিতিতেই এ বিষয়ে ইরান তার অবস্থান থেকে একচুলও সরে আসবে না।

হরমুজ প্রণালিকে ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে উল্লেখ করে গালিবাফ বলেন, ‘চলমান যুদ্ধের মধ্যে এটি খোদার পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার। আর এটিই আমাদের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights