হরমুজ প্রণালি সুরক্ষায় ইরানের সঙ্গে ‘যৌথ উদ্যোগের’ প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি ‘যৌথ উদ্যোগে’ (জয়েন্ট ভেঞ্চার) শামিল হতে পারে।

এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর তেহরানের টোল বা শুল্ক আরোপের পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প এই চাঞ্চল্যকর প্রস্তাবটি দেন।

এবিসি নিউজের জোনাথন কার্লের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা এটিকে একটি যৌথ উদ্যোগ হিসেবে করার কথা ভাবছি। তিনি আরও যোগ করেন, এটি (হরমুজ প্রণালি) সুরক্ষিত করার একটি উপায় এবং অন্য অনেক লোকের হাত থেকেও এটিকে নিরাপদ রাখার পথ।

ট্রাম্পের এই মন্তব্য এমন একসময়ে এলো যখন দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন উভয় দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকার কথা রয়েছে। তবে ইরান এই ধরনের কোনো পরিকল্পনায় রাজি হবে কি না তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন যে, হরমুজ প্রণালি দিয়ে পার হওয়া জাহাজগুলোর ওপর ইরানের পরিবর্তে যুক্তরাষ্ট্রই টোল আরোপ করুক, এমনটাই তিনি পছন্দ করবেন। ট্রাম্পের এই সাম্প্রতিক অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights