হরমুজ প্রণালীতে হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজে মিললো দেহাবশেষ

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালী দিয়ে অতিক্রমের সময় ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজে দেহাবশেষ পাওয়া গেছে। শুক্রবার (৩ এপ্রিল) গত মাসে হামলার পর জাহাজটির মালিক এ তথ্য নিশ্টিত করেছে।

এর আগে এই হামলার পর তিনজন নাবিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে তেহরান বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়।

এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর থেকে যাত্রা করার পর প্রণালীটি দিয়ে যাওয়ার সময় গত মার্চে থাইল্যান্ডের পতাকাবাহী ‘মায়ুরি নারী’ জাহাজটি হামলার কবলে পড়ে। পরিবহন সংস্থা ‘প্রেশাস শিপিং’-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটির ক্ষতিগ্রস্ত অংশে কিছু মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। তবে তারা এখনও মৃতদেহগুলোর পরিচয় বা সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

মার্চ মাসের মাঝামাঝি সময়ে বিশজন থাই নাবিক দেশে ফিরে আসেন, কিন্তু তাদের তিন সহকর্মী নিখোঁজ হন এবং ধারণা করা হয় তারা ক্ষতিগ্রস্ত ইঞ্জিন কম্পার্টমেন্টে আটকা পড়েছেন।

সংস্থাটি জানিয়েছে, জাহাজের ইঞ্জিন রুমে পানি ঢুকে যাওয়ায় এবং আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ‘কঠিন পরিস্থিতিতে’ তল্লাশি চালানো হয়েছিল। এ ঘটনার পর থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করা হয়েছে।

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গত মার্চে জানিয়েছিল, তারা প্রণালীতে ‘মায়ুরি নারী’ এবং লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে, কারণ জাহাজগুলো ‘সতর্কবার্তা’ উপেক্ষা করেছিল।

সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights