‘হরর সিনেমার দৃশ্য মনে হচ্ছিল’, ভূমিকম্পের ভয়াবহতা বর্ণনায় বেঁচে ফেরা নারী

অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে আতঙ্কিত স্মৃতির কথা তুলে ধরেছেন কারাকাসের বাসিন্দা মারিয়া আলেহান্দ্রা। তিনি জানিয়েছেন, ভূমিকম্পের সময় নিজের ভবনের ভেতরেই ছিলেন এবং কয়েক মুহূর্তের মধ্যেই চারপাশ যেন ধ্বংসস্তূপে পরিণত হয়।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কোনোমতে পোশাক পরতে পেরেছিলাম। এরই মধ্যে ভবনের সব দেয়ালে ফাটল দেখা দেয়। অনেক কষ্টে আমরা দরজা খুলতে সক্ষম হই। চারদিকে এত ধুলোর মেঘ ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না।”

তিনি আরও বলেন, “নিচে নেমে যা দেখেছি, তা যেন কোনো হরর সিনেমার দৃশ্য। ভবন থেকে বের হতে আমাদের ধ্বংসস্তূপ টপকে যেতে হয়েছে। আমি মাত্র একটি পরিবারকে সেখান থেকে বের হতে দেখেছি।”

মারিয়ার এই বর্ণনা ভূমিকম্পের পর রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় সৃষ্ট ভয়াবহ পরিস্থিতিরই প্রতিচ্ছবি। উদ্ধারকর্মীরা এখনও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন সাত শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোর্স: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights