হলুদের গুঁড়া-মিষ্টি তৈরিতে ভেজাল, ২ দোকানিকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক শহরে পুরানবাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পরিচালিত অভিযানে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী হলুদ ও মরিচের গুড়ার সাথে রং, আটা ও ভুট্টার গুড়া মিশিয়ে বিক্রি করায় জীবন দে কে ৫০ হাজার এবং ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আদি যুগল মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলেও অঙ্গীকার করেন।

এ সময় মালামাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা ও নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য বিক্রয় এবং অবৈধ মজুদদারী থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights