হল থেকে অস্ত্র উদ্ধার, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি শিক্ষার্থীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের একটি শৌচাগার থেকে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার ভোরে উদ্ধারকৃত অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দেন তারা।

এর আগে গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে কর্তৃপক্ষ। অস্ত্র উদ্ধারের ঘটনায় কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজ সকালে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী আশিকুল ইসলাম জানান, ভোরে তিনি শৌচাগারে গেলে পাশেই হট্টগোল শুনতে পান। পরে অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত হয়ে একটি বাথরুমের ফলস ছাদের উপর থেকে ৪টি বগা দা, কাঁচি, জিআই পাইপ ও স্ট্যাম্প উদ্ধার করেন তারা। উদ্ধারকৃত অস্ত্রগুলো দায়িত্বরত নৈশপ্রহরীর কাছে দিয়ে বিষয়টি হল প্রভোস্টকে অবহিত করেন তারা।
বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন জানান, হলের পঞ্চম তলার একটি বাথরুমের ফলস ছাদ থেকে কিছু অস্ত্র উদ্ধার করার কথা মুঠোফোনে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৩ জুন শেরে বাংলা হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিআই পাইপ, রড, বগা দাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে হল কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ হিসেবে পরিচিত বাংলা বিভাগের তাহমিদ জামান নাভিদ, রসায়ন বিভাগের মো. নাহিদ হাসান এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এবিএম মুশফিকুর রহমানকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে মঙ্গলবার দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় শঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্তদের বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিল পরবর্তী সমাবেশে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেনের পদত্যাগের দাবি জানানো হয়।

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বর থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ফের একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষার্থী অমিত হাসান রক্তিম, সমাজবিজ্ঞান বিভাগের মো. রাকিব হাসান রনি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুম্মান হোসেন, মার্কেটিং বিভাগের রাজু মোল্লা ও ব্যবস্থাপনা বিভাগের ইরাজ রব্বানী।

বক্তারা বঙ্গবন্ধু হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে বিচার এবং একই সাথে প্রভোস্ট মো. আরিফ হোসেনের পদত্যাগ দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights