হাজারীবাগে বাবার ধারাল অস্ত্রের আঘাতে ছেলে নিহত
অনলাইন ডেস্ক
রাজধানীর হাজারীবাগে পারিবারিক কলহের জেরে বাবার ধারাল অস্ত্রের আঘাতে ছেলে নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুন) রাত পৌনে ১১টার দিকে ঝাউচর আমলা টাওয়ার রোডের একটি বাড়ির নিচতলার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহতের নাম রাহাবুল ইসলাম রাসেল (১৬)। সে একটি হোটেলে কাজ করত। তার বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়।
নিহত রাসেলের মামা হুমায়ুন কবির বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে জুয়েল রানা নিজে আমাদের ফোন দিয়ে জানায়, তিনি তার নিজের ছেলে রাসেলকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছেন। তার অবস্থা মুমূর্ষু, তাকে হাসপাতালে নিয়ে যেতে। পরবর্তীতে স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় রাসেলকে দেখতে পেয়ে ওই বাসা থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তারা আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
