হাজারো সমর্থকের বিদায় সংবর্ধনা নিয়ে দেশ ছাড়ল ইরান ফুটবল দল

অনলাইন ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের জন্য বড় আয়োজন করেছে ইরান। দেশটির রাজধানী তেহরানে হাজারো সমর্থকের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা দেওয়া হয় দলকে। এ সময় উন্মোচন করা হয় বিশ্বকাপের নতুন জার্সিও।

বুধবার তেহরানের এনকেলাব স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবলার, কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। মঞ্চে উঠে খেলোয়াড়রা দেশপ্রেমমূলক বক্তব্য দেন। সমর্থকদের উচ্ছ্বাসে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের পর বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কে প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে রওনা দেয় দলটি। সেখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে ইরান। আগামী ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আরও একটি ম্যাচ আয়োজনের চেষ্টাও চলছে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, গত চারটি বিশ্বকাপের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় বিদায় অনুষ্ঠান। খেলোয়াড়রা দেশের মানুষের পাশে রয়েছে এবং জনগণও দেশের মর্যাদা ও সম্মানের পাশে দাঁড়িয়েছে। ফল যাই হোক, বিশ্বকাপে ইরানের পতাকা উড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে এবারের বিশ্বকাপকে ঘিরে ইরানের অংশগ্রহণ নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার কারণে দলটির যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে শঙ্কা দেখা দেয়। কারণ বিশ্বকাপে ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা।

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত বিশ্ব ফুটবল সংস্থার এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দেশটির বিমানবন্দর থেকে ফিরে যেতে হয় ইরান ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধিদলকে। বৈধ ভিসা থাকা সত্ত্বেও কানাডার অভিবাসন কর্মকর্তাদের আচরণকে অগ্রহণযোগ্য বলে অভিযোগ করে ইরান।

যুক্তরাষ্ট্র ও কানাডা দুই দেশেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ফলে ইরানের কিছু কর্মকর্তার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে ইরান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়াত মোমবেনি বলেন, এখনো ভিসা নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিশ্ব ফুটবল সংস্থা আশ্বাস দিয়েছে এবং সময়মতো খেলোয়াড় ও কর্মকর্তারা ভিসা পাবেন বলেই তারা আশা করছেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights