হাতিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ, ‘জামায়াত কর্মী’ আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন (৪২) নামে এক ‘জামায়াত কর্মী’কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার হরণী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটক হেলাল উদ্দিন ওরফে হেলাল মাস্টার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাসিন্দা। তিনি একটি ফার্মেসি পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হেলাল আগে শিক্ষকতা করতেন। ২-৩ বছর আগে তিনি সে পেশা ছেড়ে দেন। ঘটনার দিন সকালে কৌশলে তিনি ৯ বছর বয়সী ওই শিশুকে তার ফার্মেসি দোকানে ডেকে নেওয়ার পর এ ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে আটক করে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

স্থানীয়দের অভিযোগ, এর আগে গত ৪ আগস্ট একই এলাকায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিচার বসানো হয়। ওই ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫০টি বেত্রাঘাত ধার্য করা হয়। তিনি একসময় যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। সরকার পরিবর্তনের পর জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন।

হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা বলেন, ‘হেলাল জামায়াতের কোনো কর্মী নন। তিনি আগে যুবলীগ করতেন। নিজেকে বাঁচাতে ৫ আগস্টের পর একটি বড় মিছিলে তিনি অংশগ্রহণ করেন।’

এ বিষয়ে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাসেদ বলেন, অভিযুক্তকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগীর স্বজনেরা হাতিয়া থানায় মামলা দায়ের করবেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করবেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights