হাতে মেশিনগান, ইরানের বিরুদ্ধে নিজেই যুদ্ধে নামছেন ট্রাম্প?
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবসুলভ ভঙ্গিতে ইরানকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বিতর্কিত ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অনেক হয়েছে আর ভালো মানুষ সেজে থাকা নয়। ওই ছবিতে ট্রাম্পকে হাতে একটি অত্যাধুনিক মেশিনগান ধরে থাকতে দেখা গেছে, যার নেপথ্যে ইরানের একটি বিধ্বংসী ল্যান্ডস্কেপ।
এই পোস্টের মাধ্যমে ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, ইরান হরমুজ প্রণালীর থেকে অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা তিনি প্রত্যাখ্যান করছেন। ট্রাম্প দাবি করেছেন যে ইরান তাদের বিষয়গুলো গুছিয়ে উঠতে পারছে না এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি সই করার বিষয়েও তাদের কোনো ধারণা নেই। তিনি ইরানকে দ্রুত ‘স্মার্ট’ হওয়ার পরামর্শ দিয়েছেন।
গতকালই ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া উচিত নয় এই মর্মে যুক্তরাজ্যের রাজা চার্লসও তার সঙ্গে একমত পোষণ করেছেন। রাজা চার্লসের সঙ্গে এক রাষ্ট্রীয় নৈশভোজে ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ইরানকে উদ্দেশ্য করে বলেন, এই বিরোধী পক্ষকে যুক্তরাষ্ট্র সামরিকভাবে পরাজিত করেছে।
এদিকে, গত বছরের ডিসেম্বর থেকে সক্রিয় ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হ্যাকিং গ্রুপ ‘হান্দালা হ্যাক টিম’ একটি চাঞ্চল্যকর দাবি করেছে। তারা জানিয়েছে যে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হাজার হাজার মার্কিন মেরিনের ব্যক্তিগত তথ্য তারা হ্যাক করে ফাঁস করে দিয়েছে। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে তারা লিখেছে, এটি শুধু একটি ট্রেইলার, খেলা আরও বাকি আছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দাবিকে তারা একটি ‘খালি বিভ্রম’ এবং ‘শিশুসুলভ কল্পনা’ বলে উল্লেখ করেছে।
সূত্র: মেট্রো ইউকে
