হাথুরে আবারও বললেন, ‘আমরা এই মুহূর্তে বিশ্বকাপ নিয়ে ভাবছি না’!

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের মিশনে প্রথম ম্যাচে রীতিমতো ফেল করে বসে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার চোটগ্রস্ত বোলিং লাইনআপের বিপক্ষেও ব্যাটিংয়ে ওপেনিংয়ের দুর্বলতা ছড়িয়ে পড়েছিল টেইলেন্ডার পর্যন্ত। একমাত্র নাজমুল হোসেন শান্ত ছাড়া ব্যাট হাতে কেউই সুবিধা করতে পারেননি। অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও ছিলেন রীতিমতো নড়বড়ে।

এই অবস্থা নিশ্চয়ই টাইগার ভক্তদের বিশ্বকাপ নিয়েই বিচলিত করে তুলছে। বিসিবি, অধিনায়ক ও কোচের পরিকল্পনার ঘাটতিও পরিষ্কার সবার কাছে। কারণ দল ঘোছানোর চেয়ে ক্রিকেট অঙ্গনে অন্য সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বেশি। আরো একটা বিষয় ঘটছে। বিশ্বকাপ নিয়ে কোনো প্রশ্ন করলেই অধিনায়ক থেকে কোচ সবাই বলছেন, ‘আমরা এখন বিশ্বকাপ নিয়ে ভাবছি না।’

এই উত্তর অনেকের মধ্যেই বিরক্ত জাগাচ্ছে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মজাও করছেন, মিমও বানাচ্ছেন। তবে টাইগার ম্যানেজমেন্টের সেসবে হেলদোল নেই। খেলার ধরনে যেমন পরিবর্তন ও সৃজনশীলতার আঁচ নেই, তেমন সৃজনশীলতা নেই তাদের উত্তরেও।
এশিয়া কাপে আগামীকাল রবিবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাঁচা মরার লড়াইয়ের সেই ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন দলের কোচ হাথুরেসিংহে। বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করায় হাথুরুসিংহের সাফ বলেছেন, ‘আমরা এই মুহূর্তে বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আমাদের মনোযোগ এশিয়া কাপে, আরও নির্দিষ্ট করে বলতে গেলে এই ম্যাচে।’

ঠিক একই ধরনের কথা এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে অধিনায়ক সাকিবও বলে গেছেন। আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে শোচনীয় পারফর্ম করার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন, ‘আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ।’ এভাবেই বিশ্বকাপের পর বিশ্বকাপ যায় কিন্তু ‘আমরা আপাতত বিশ্বকাপ নিয়ে ভাবছি না’ কিংবা ‘আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ’ এই কথা ফুরায় না। ক্রিকেট প্রেমীদের বিরক্তিই বাড়ে কেবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights