হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ঢামেক প্রতিনিধি
রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় কবির হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সুমন মিয়া (২৪) নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন সোনালী ব্যাংকের নিরাপত্তা কর্মী ছিলেন। তিনি রাজধানীর মতিঝিলের গোপীবাগ এলাকায় থাকতেন। তার বাবার নাম মো. নূর ইসলাম।
নিহত কবিরের রুমমেট পবন চন্দ্র দাস জানান, রাতে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে দুইজনকে উদ্ধার করে রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য করিরকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতাল। পরে আবার সেখান থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢামেকের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান সরকার জানান, লাশটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে।
