হাবিপ্রবির ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

দিনাজপুর প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে কৃষকদের গবাদিপশু ও পাখির স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ, টিকা ও বিভিন্ন ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুরের কাহারোল উপজেলার সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে কৃষকদের ৪০০টি গরু, ৪০০টি ছাগল এবং ১ হাজার হাঁস-মুরগির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এ সময় বিভিন্ন রোগের টিকা, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন বিনামূল্যে প্রদান করা হয়।

ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান ও ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলাম। ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল হাসান, ভেটেরিনারি সার্জন এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পে অংশ নিয়ে কৃষকদের বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights