হাবিপ্রবি ক্যাম্পাসে গানের তালে পিঠা উৎসব!

দিনাজপুর প্রতিনিধি
হেমন্তের শেষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শীতের পিঠা উৎসবে পিঠার সমাহার এবং বিজয়ের আমেজে গানের সুর সবাইকে মুগ্ধ করলো। ঝিরি ঝিরি বৃষ্টিকে উপেক্ষা করে শীত শীত অনুভূতিতে ক্যাম্পাসে পিঠা প্রেমীদের ভিড়ের কমতি ছিলো না। পিঠা স্টলগুলোর বাহারি পিঠা সন্ধ্যা হতে না হতেই শেষ হয়ে যায়। এরপর হাবিপ্রবির টিএসসিতে শুরু হওয়া শীতকে বরণ করে নেওয়ার গানের অনুষ্ঠানে শিল্পীরা মাতান দর্শক-শ্রোতাদের।

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আয়োজন করা হয় বৃহস্পতিবার বিকালে পিঠা উৎসব এবং সন্ধায় গানের অনুষ্ঠান। আয়োজনটি ছিল লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের প্রতিবছরই যেন এমন আয়োজন থাকে সে আহ্বান জানান।

উৎসবে টিএসসি প্রাঙ্গণ ছিলো রকমারি নকশা ও বৈচিত্র্যময় পিঠার দোকান। পিঠা উৎসবে বাহারি পিঠা নিয়ে হাজির হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্টলে স্টলে দেখা যায় জ্বলছে চুলা, উড়ছে গরম ধোঁয়া। ডুবু তেলে তৈরি হয় পিঠা। স্টলগুলোতে ছিল পাটিসাপটা, ঝাল পিঠা, মালপোয়া, মালাই পিঠা, খেজুরের পিঠা, ক্ষীরকুলি, তেলপোয়া পিঠা, ঝালপোয়া পিঠা, ছাঁচ পিঠা, ফুল পিঠা, নকশি পিঠা, নারকেল পিঠা, দুধরাজ পিঠাসহ বাহারি রকমের পিঠা। সন্ধ্যা নামলেও স্টলগুলোতে ব্যাপক ভিড় ছিল।
এরপর সন্ধ্যায় শিল্পীরা লোক, বাউল, মুর্শিদি ও ভাটিয়ালি গানে মাতিয়ে তোলে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে গানের অনুষ্ঠানে ‘অর্ক সাংস্কৃতিক জোট’ ও ‘নয় রঙ’ সহযোগিতা করে।

বিজয়ের আমেজে বাঙালি গানের তালে পিঠা উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহেব, ওয়াসী মোহাম্মদ অয়নসহ অনেকে পিঠা উৎসবের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সুন্দর আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। পিঠা খেলাম অনেকদিন পর মনে হলো বাড়ির তৈরি পিঠা খেলাম।

গানের অনুষ্ঠানসহ পিঠা উৎসবে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights