হামজা চরিত্রে রণবীরকে বেছে নেওয়ার কারণ জানালেন প্রযোজক
অনলাইন ডেস্ক
‘ধুরন্ধর’ ছবির কেন্দ্রীয় চরিত্রে রণবীর সিংকে কেন বেছে নেওয়া হয়েছিল, সেই কারণ জানিয়েছেন ছবিটির সহ-প্রযোজক ও জিও স্টুডিওসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যোতি দেশপাণ্ডে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছবিটির জন্য তারা কোনো ‘তথাকথিত তারকা’ নয়, বরং এমন একজন অভিনেতাকে খুঁজছিলেন, যিনি চরিত্রের সঙ্গে পুরোপুরি একাত্ম হতে পারেন। তার মতে, রণবীর সিংয়ের সবচেয়ে বড় শক্তি হলো প্রতিটি চরিত্রের জন্য নিজেকে সম্পূর্ণ বদলে ফেলার ক্ষমতা।
জ্যোতি দেশপাণ্ডে বলেন, ‘ছবিটি ছিল বড় বাজেটের। যদি তথাকথিত সুপারস্টারদের নেওয়া হতো, তাহলে শুরু থেকেই বাজেটের ওপর চাপ তৈরি হতো। আমরা এমন একজন পারফর্মার চেয়েছিলাম, যিনি পর্দায় নিজের পরিচয় ভুলে চরিত্র হয়ে উঠতে পারেন। রণবীর ঠিক সেটাই করেন।’
তিনি আরও বলেন, ‘বাজিরাও’, ‘খিলজি’ কিংবা অন্য যেকোনো চরিত্রে অভিনয়ের সময় রণবীর নিজেকে সেই চরিত্রে সম্পূর্ণভাবে মিশিয়ে ফেলেন। আর এই গুণই তাকে ‘ধুরন্ধর’-এর কেন্দ্রীয় চরিত্র ‘হামজা আলি মাজ়ারি’ ওরফে ভারতীয় গুপ্তচর জসকিরাত সিং রাঙ্গির জন্য আদর্শ পছন্দ করে তুলেছিল।
‘ধুরন্ধর’-এর কাহিনিতে জসকিরাত সিং রাঙ্গি ছদ্মবেশে পাকিস্তানের করাচির লিয়ারি এলাকায় প্রবেশ করে একটি সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের গোপন মিশনে অংশ নেন। সেখানে তিনি স্থানীয় সমাজে মিশে গিয়ে অভিযান পরিচালনা করেন।
বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। প্রথম চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ১ হাজার ৩০৭ কোটি টাকা এবং চলতি বছর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ প্রায় ১ হাজার ৭৯০ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
