হামলার প্রতিশোধ নিলে ইরানকে ধ্বংস করা হবে, হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সম্পূর্ণ ধ্বংসের হুমকি দিয়েছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ব্যর্থ রাষ্ট্র ইরান যদি হামলার প্রতিশোধ নেয়, তবে তাদের ওপর আরও কঠোর ও বৃহত্তর মাত্রায় আঘাত হানা হবে। তিনি বলেন, এই সংঘাত শেষ হলে ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রায় কিছুই অবশিষ্ট থাকবে না। মূলত, ইরান উত্তেজনা বাড়ালে তাদের পুরোপুরি ধ্বংসের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে তিনি ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সোমবার ওভাল অফিসে এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প পারমাণবিক হামলার সম্ভাবনাকে ‘বোকামি’ বলে উড়িয়ে দেন।

যুক্তরাষ্ট্রের এমন চরম হুমকির মধ্যেই তেহরানের প্রতি সংহতি জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সানায় হুতি-নিয়ন্ত্রিত পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন হামলা ইরানের মনোবল ভাঙতে পারবে না। পাশাপাশি আন্তর্জাতিক আইনে জবাব দেওয়ার বৈধ অধিকার তেহরানের রয়েছে।

সাবা নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করা হয়। একইসঙ্গে যেসব দেশ মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দিচ্ছে, তাদের চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে হুতিরা বলেছে, মার্কিন আগ্রাসনের প্ল্যাটফর্ম হওয়া রাষ্ট্রগুলোকে অবশ্যই এর ‘চরম মূল্য’ চোকাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights