হামাসে তহবিল জোগানের অভিযোগে ইতালিতে গ্রেপ্তার ৯

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইতালিভিত্তিক দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ জোগানের অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার দেশটির সরকারি কৌঁসুলিরা জানান, মাফিয়াবিরোধী ও সন্ত্রাসবিরোধী ইউনিটের সমন্বয়ে পরিচালিত একটি অভিযানে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হামাসের সক্রিয় সদস্য হিসেবে কাজ করা এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, গত দুই বছরে মানবিক সহায়তার নামে সংগৃহীত প্রায় ৭ মিলিয়ন ইউরো (প্রায় ৮.২৪ মিলিয়ন ডলার) সন্দেহজনকভাবে হামাস-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। অভিযানের সময় পুলিশ ৮ মিলিয়ন ইউরোর বেশি সম্পদ জব্দ করেছে।

ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনোয়ার সরকারি কৌঁসুলিরা এক বিবৃতিতে জানান, সন্দেহভাজনরা ফিলিস্তিনি সংগঠনটির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এবং ঘুরপথে তহবিল সরবরাহ করেছেন বলে প্রমাণ মিলেছে।

রয়টার্স জানায়, সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত হওয়ার পর তদন্ত শুরু হয়। পরবর্তীতে নেদারল্যান্ডসসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে ইউরোপীয় বিচার সংস্থা ইউরোজাস্টের মাধ্যমে তদন্ত কার্যক্রম বিস্তৃত করা হয়।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই অভিযানে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি একে ‘জটিল ও গুরুত্বপূর্ণ’ অভিযান হিসেবে উল্লেখ করে বলেন, তথাকথিত দাতব্য সংস্থার আড়ালে হামাসে অর্থ জোগানের বিষয়টি এই তদন্তের মাধ্যমে স্পষ্টভাবে উদ্ঘাটিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights