হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত। এতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।

বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারের শেষে ক্যারিবিয়ানরা করে ৬ উইকেটে ১৪৯ রান। তবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৫ রান তোলে ভারত।

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক ৩২ বলে ৪৮ রান করেন রোভম্যান পাওয়েল। নিকোলাস পুরান করেন ৪১। এছাড়া ওপেনার ব্র্যান্ডন কিং ১৯ বলে ২৮ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চহাল দুটি করে উইকেট নেন। হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব একটি করে উইকেট পেয়েছেন।

রান তাড়া করতে নেমে ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। শুভমান গিল আউট হন তৃতীয় ওভারে, মাত্র ৩ রান করে। আর পঞ্চম ওভারে আউট হন আরেক ওপেনার ঈশান কিষান। এখান থেকে ভারতকে টেনে তোলেন সূর্যকুমার যাদব ও অভিষিক্ত তিলক ভার্মা। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে তোলেন ৩৯ রান।

কিন্তু ১০ রানের মধ্যে আবারও ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। সেখান থেকে ভারতের জয়ের সম্ভাবনা জাগে পঞ্চম উইকেটে সাঞ্জু স্যামসন ও পান্ডিয়ার ৩৬ রানের জুটিতে। কিন্তু ১৬ রানের মধ্যে এ দুজনও আউট হয়ে ফেরার ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ভারত।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ওবেড ম্যাকয়, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights