হালান্ডের গোলে এগিয়ে নরওয়ে
অনলাইন ডেস্ক
দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর অবশেষে ম্যাচে এগিয়ে গেল নরওয়ে। ৭৯তম মিনিটে আর্লিং হালান্ডের দুর্দান্ত হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে ১-০ ব্যবধানে লিড নেয় ইউরোপের দলটি।
ডান দিক থেকে আন্দ্রেয়াস শেলদেরুপের ভাসিয়ে দেওয়া নিখুঁত ক্রসে বক্সের ভেতর উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেড করেন হালান্ড। ব্রাজিলের গোলরক্ষক আলিসনের কোনো সুযোগই ছিল না সেই বল ঠেকানোর।
পুরো ম্যাচে খুব বেশি বলের সংস্পর্শে না এলেও সুযোগ পেয়েই নিজের স্বভাবসুলভ দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার।
এর ঠিক আগে ৭৯তম মিনিটে ব্রুনো গিমারাইসকে তুলে এদেরসনকে মাঠে নামান ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে বদল আনার পরপরই গোল হজম করে চাপে পড়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
৮১ মিনিট পর্যন্ত ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নরওয়ে, আর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণের পথ খুঁজছে ব্রাজিল।
