‘হাসপাতালের হৃত গৌরব ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম’
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, একসময় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মান অনেক উন্নত ছিল, যা অনেক সরকারি হাসপাতালের চেয়েও প্রশংসনীয় ছিল। হারিয়ে যাওয়া সেই গুণগত মান ফিরিয়ে আনতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আন্দরকিল্লা চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দু। এই এলাকায় যদি আমরা উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি, তাহলে চিকিৎসার জন্য মানুষকে অন্যত্র ছুটতে হবে না।

মঙ্গলবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আওতাধীন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, হাসপাতালের সেবার মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। জেমিসন মাতৃসদন হাসপাতালকে আরও আধুনিক, জনবান্ধব ও মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, আমরা এমন একটি আগামীর বাংলাদেশ দেখতে চাই, যেখানে চিকিৎসার অভাবে কোনো মানুষের প্রাণ হারাতে হবে না, কোনো অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হবে না এবং কোনো নবজাতক মায়ের কোল খালি করে চলে যাবে না। সবার জন্য সহজলভ্য ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করে এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাবর, হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights