হাসপাতালে এসে দেখি, হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা : ডেপুটি স্পিকার
অনলাইন ডেস্ক
ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, রাষ্ট্রের সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা রয়েছে, যার মধ্যে স্বাস্থ্য সেবা অন্যতম। এই স্বাস্থ্য খাতের অবস্থা এত ভয়াবহ, এটা আসলে খুবই দুঃখজনক। আমরা দুঃখজনক বলে যদি বসে থাকি তাহলে হয়তো কিছুই হবে না। আমরা কথায় কথায় বলি, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়। হাসপাতালে এসে দেখি, হাসপাতালেরও সর্বাঙ্গে ব্যথা।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কায়সার কামাল বলেন, দেড় মাস হয়েছে এই এলাকার এমপি হিসেবে আমি দায়িত্ব নিয়েছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যেন সবার স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে পারি। পাশাপাশি যারা এই হাসপাতালে আছেন, সবার বিরুদ্ধেই কম-বেশি অভিযোগ আছে। এর আগেও এই হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এটি আমাদের জন্য বদনামের বিষয়। যারা দায়িত্বে আছেন, তারা যদি মাপকাঠিতে আরেকটু এগিয়ে যান, তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আর হতে হবে না।
তিনি আরও বলেন, আমি আউটডোরে প্রবেশ করে দেখলাম রোগীদের কিছু কমন ঔষধ দেওয়া হচ্ছে। যে কয়জনকে দেখেছি, সবার হাতেই একই ঔষধ। এ বিষয়ে সতর্ক হতে হবে।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, রোগীদেরকে আপনারা যদি আপনাদের মা-বোন, ভাই ও সন্তান হিসেবে বিবেচনা করেন, তাহলে ভালো হয়। যারা যত দিন দায়িত্বে থাকবেন, তাদের জন্য যেন এটি শ্রেষ্ঠ সময় হয় এই প্রত্যাশা রাখছি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম রায়হান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানসহ প্রমুখ।
