হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগার ও সার্বিক পরিবেশের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করে নিজেই তা পরিষ্কার করার কথা বলেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। পরিদর্শনের সময় শৌচাগার বন্ধ থাকা, ফ্যান নষ্ট হওয়াসহ বিভিন্ন অব্যবস্থাপনা দেখে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এমন একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় হাসপাতালের শৌচাগার দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহানকে উদ্দেশ্য করে নিজেই পরিষ্কারের কথা বলেন কৃষিমন্ত্রী। আমিন উর রশিদ ইয়াছিন ওই হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব, যদি আমি পারি তাহলে আপনার (হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক) কাছে জানতে চাইব, আপনি কেন পারলেন না।’
ভিডিওতে দেখা যায়, পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করছেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।’

ভিডিওতে কৃষিমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখব বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত বাথরুমটা তো আপনারা ঠিক রাখবেন।’ একপর্যায়ে মন্ত্রী বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।’
শুধু শৌচাগারের অপরিচ্ছন্নতা নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা পাখাগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শাহজাহান বলেন, ‘গণপূর্ত বিভাগকে দ্রুত শৌচাগার মেরামত করার জন্য বলা হয়েছে। শৌচাগার পরিচ্ছন্নতায় ১১ জন সরকারি কর্মচারী ও ৬৩ জন আউটসোর্সিংয়ের কর্মচারী কাজ করেন। তারা পুরো হাসপাতাল পরিচ্ছন্নতায় নিয়োজিত। তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights