হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
অনলাইন ডেস্ক
চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর তাকে সেখানে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।
আজ রবিবার রাত সাড়ে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে উদ্দেশে রওনা হন। এরপর রাত ৮টায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমের কাছে খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির তথ্যটি নিশ্চিত করেন।
এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো বোর্ড পর্যালোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দলীয় সূত্র জানিয়েছে, নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে, সর্বশেষ ১৫ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বিগত কয়েক বছর ধরে লিভারসহ বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। সাম্প্রতিক সময়ে চিকিৎসকদের পরামর্শে তার নিয়মিত চেকআপের প্রয়োজন হচ্ছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তার পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
