হাসানকে বোতল ছোড়ার প্রতিবাদে কনসার্ট, মঞ্চে থাকছে যারা
অনলাইন ডেস্ক
মঞ্চে গান গাইতে গিয়ে দর্শকের ছোড়া বোতলের শিকার হয়েছিলেন ‘আর্ক’ ব্যান্ডের ভোকাল সৈয়দ হাসানুর রহমান হাসান। সেই ঘটনার প্রতিবাদ এবার উঠছে গানের মঞ্চেই। শিল্পীদের সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের বার্তা দিতে ঢাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ এক কনসার্ট।
‘লাউড সিটি টেকওভার’ নামে এই আয়োজন বসবে আগামী ৪ সেপ্টেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে। ‘এক্স ফোর্স প্রেজেন্স’-এর পৃষ্ঠপোষকতায় কনসার্টটির আয়োজন করছে ‘গেট অ্যাম্পড সিরিজ’ ও ‘পিকআপ পয়েন্ট কমিউনিকেশন’।
গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গান পরিবেশন করছিলেন হাসান। অনুষ্ঠানের একপর্যায়ে দর্শকসারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সংগীত অঙ্গনের শিল্পী ও শ্রোতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।
আয়োজকদের ভাষ্য, হাসানের সঙ্গে ঘটে যাওয়া ওই ঘটনার প্রতিবাদ জানানোই শুধু নয়, কনসার্টের মাধ্যমে মঞ্চে শিল্পীদের নিরাপত্তা ও স্বাধীনতার বিষয়টিও তুলে ধরতে চান তারা। এদিন নিজের ব্যান্ড ‘আর্ক’ নিয়ে মঞ্চে উঠবেন হাসান। তার সঙ্গে দর্শকদের গান শোনাবেন ক্রিপটিক ফেইট, কার্নিভাল, লেভেল ফাইভ, মেটাল এরর ও আচার ব্যান্ডের সদস্যরা। একক পরিবেশনায় থাকছেন এ কে রাহুল। পাশাপাশি র্যাপ পরিবেশন করবেন ব্ল্যাক জ্যাং।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের দিন দুপুর ২টায় দর্শকদের জন্য মিলনায়তনের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। একটি বোতল ছোড়ার ঘটনার প্রতিবাদ এবার রূপ নিচ্ছে সংগীতের আয়োজনে- মঞ্চ থেকেই শিল্পীদের প্রতি সম্মান ও নিরাপত্তার বার্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা।
