হাসানের বোলিং তোপে হার দিয়ে পাকিস্তান সফর শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানের কাছে ৩৭ রানে হারলো বাংলাদেশ। পাকিস্তানি পেসার হাসান আলির বোলিং তোপে ২০ ওভারের আগেই গুটিয়ে যায় টাইগাররা।

৩০ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন হাসান আলী। তানজিদ তামিমের ৩১, জাকের আলি অনিকের ৩৬ এবং লিটন দাসের ৪৮ কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান। তবে দলটির দুই ওপেনার ফখর জামান (১) এবং সাইম আইয়ুবকে (০) মাত্র ৫ রানের মধ্যেই ফিরিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশ। তবে চারে নামা অধিনায়ক সালমানের ব্যাটেই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। হাসান মাহমুদের বলে তানজিদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাটে এসেছে ৩৪ বলে ৮ চার ও এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ৫৬ রান।

ফিফটি না পেলেও চল্লিশোর্ধ্ব দুটি ইনিংস এসেছে শাদাব খান (৪৮) এবং হাসান নওয়াজের (৪৪) ব্যাটে। তাদের অবদানেই শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান স্কোরবোর্ডে জমা করে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন পেসার শরিফুল ইসলাম। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন রিশাদ হোসেন, শেখ মেহেদি, শামিম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে (৪) হারায়। তবে অন্য ওপেনার তানজিদ এবং অধিনায়ক লিটনের ব্যাট শুরুর দিকে আস্থা জুগিয়েছে। ২ চারের সঙ্গে ৩ ছক্কায় ১৭ বলেই ৩১ রানে পৌঁছে যান তানজিদ। লিটনও পিছিয়ে ছিলেন না, ৩০ বলে ১ চার এবং ৩ ছক্কায় তার ব্যাটে আসে ৪৮ রান। তবে হাসান আলীর বলে তানজিদের স্টাম্প উড়ে গেলে আবার বিপদ দেখে বাংলাদেশ।

যদিও ৩৭ রানে দুই উইকেট হারানো দলকে ১০০ রান পর্যন্ত নিয়ে গিয়েছিল লিটন এবং জাকের আলীর জুটি। তবে দলীয় ১০০ রানে লিটন শাদাব খানের বলে ফখরের হাতে ক্যাচ দিলে আবার ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯ ওভার দুই বল খেলে সবকয়টি উইকেট হারিয়ে ১৬৪ রান তুলে লিটনবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights