হাসিনার রায়ের দিনে শেয়ারবাজারে উত্থান

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিনে কিছুটা উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ৩২২টি প্রতিষ্ঠানের আর বিপরীতে দাম কমেছে ৩৫টির। আর ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৫ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৯৮ কোটি ১০ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। ২১৩ টাকা ১০ পয়সা থেকে কমে ২০৩ টাকা ২০ পয়সায় কোম্পানিটির ১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৭৭ লাখ টাকার। ১০ কোটি ৭২ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

এদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৫৬ প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪ কোটি ৭৬ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights