হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ

মাহবুব মমতাজী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জব্দ হওয়া ব্যাংক হিসাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে। এ ছাড়া আওয়ামী লীগ, সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবেও বড় অঙ্কের অর্থ রয়েছে।

দুদক জানায়, শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ববির বাবা শফিক আহমেদ সিদ্দিক, তার ভাই তারেক আহমেদ সিদ্দিক, তারেক সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের ব্যাংক হিসাবও রয়েছে জব্দ তালিকায়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, তদন্ত ও অনুসন্ধান কর্মকর্তারা আইন এবং বিধি মোতাবেক যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা আদালতের আদেশে নিয়েছেন। বিভিন্ন সময়ে দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের করা ব্যাংক হিসাব জব্দের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওইসব ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ৩২টি ব্যাংক হিসাবে ৪৭৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ২৬৪ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া সিআরআইয়ের নামে ১৬টি হিসাবে ৫৫ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ১৩৬ টাকা, আওয়ামী লীগের নামে আটটি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ১৩১ টাকা, সূচনা ফাউন্ডেশনের নামে ৯টি হিসাবে ৩১ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ১১৫ টাকা, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে দুটি ব্যাংক হিসাবে ১৯ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৩৪৪ টাকা, সায়মা ওয়াজেদের নামে পাঁচটি হিসাবে ২ কোটি ৭৬ লাখ ৫ হাজার ৮৫৪ টাকা, শেখ হাসিনা ও রেহানার চারটি যৌথ হিসাবে ২ কোটি ৭২ লাখ ১৪ হাজার ৮৬২ টাকা, শেখ হাসিনার নামে ১২টি ব্যাংক হিসাবে ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৭০৫ টাকা, রাদওয়ান মুজিবের নামে দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯১৪ টাকা, সজীব ওয়াজেদ জয়ের নামে দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ১৭ লাখ ১৫ হাজার ২৭১ টাকা, শেখ রেহানার নামে দুটি ব্যাংক হিসাবে ৮১ লাখ ৫ হাজার ৮৩৪ টাকা, আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের নামে পাঁচটি হিসাবে ৫৬ লাখ ৭ হাজার ৭৪৩ কোটি টাকা এবং শফিক আহমেদ সিদ্দিকের ব্যাংক হিসাবে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ টাকাও জব্দ করা হয়েছে। দুদক কর্মকর্তারা বলছেন, শেখ হাসিনা ও তার পরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights